দুই শিশুর পেট থেকে বের হলো ৬৬১৫ পিস ইয়াবা

অনলাইন ডেস্কঃ
৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১১ পিএম
শেয়ার করুন:
দুই শিশুর পেট থেকে বের হলো ৬৬১৫ পিস ইয়াবা

কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করার এক চাঞ্চল্যকর ও ভয়ংকর তথ্য সামনে এসেছে। ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুর পেটে বহন করে নিয়ে আসা ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। এ ঘটনায় জড়িত মাদক পাচার চক্রের মূলহোতা শারমিন আকতার ওরফে ইসমত আরাকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় তল্লাশিচৌকি বসায় র‍্যাব-৭-এর একটি দল। সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা ইসমত আরাকে আটক এবং তার সঙ্গে থাকা দুই শিশুকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমত আরা স্বীকার করেন যে, শিশুদের পেটের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচার করা হচ্ছে।

পরবর্তীতে ৬ সেপ্টেম্বর রাতে শিশুদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা নিশ্চিত হন যে শিশুদের পেটে স্কচটেপ মোড়ানো বহু পোটলা রয়েছে। 

এরপর চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে বিশেষ প্রক্রিয়ায় মলত্যাগের মাধ্যমে দুই শিশুর পেট থেকে মোট ১৩৩টি পোটলা বের করা হয়। এর মধ্যে ৯ বছর বয়সী শিশুর পেট থেকে ৬৭টি এবং ১২ বছর বয়সী শিশুর পেট থেকে ৬৬টি পোটলা উদ্ধার হয়। এসব পোটলা খুলে পাওয়া যায় মোট ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত ইসমত আরা কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তা শিশুদের কৌশলে গিলিয়ে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। একই কায়দায় এই শিশুদের ব্যবহার করে তিনি আগেও অন্তত দুবার সফলভাবে ইয়াবা পাচার করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

উদ্ধারকৃত মাদক ও আটক নারী মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং উদ্ধার হওয়া শিশুদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ও পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।