মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্কঃ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫২ এএম
শেয়ার করুন:
মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে বৈদ্যার বাজার এলাকায় আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

উদ্ধার হওয়া তিন ভাই-বোন হলো—নিখোঁজ হেলাল উদ্দিনের ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশুসন্তান সামিন। 

স্থানীয় সূত্র ও উদ্ধারকারী দল জানায়, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে ট্রলারে করে ১৩ জন যাত্রী সোনারগাঁওয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ট্রলারটিতে যাত্রীদের সঙ্গে কয়েকটি গরু ও ছাগলও ছিল। পথিমধ্যে বৈদ্যার বাজার সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছালে ট্রলারটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। 

দুর্ঘটনার পর পরই আটজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে নদী থেকে রাশিদা নামের এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে ওই সময় থেকেই হেলাল উদ্দিন এবং তাঁর তিন সন্তান নিখোঁজ ছিলেন। নিখোঁজের দুই দিন পর আজ সকালে তিন সন্তানের মরদেহ ভেসে ওঠে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাবা হেলাল উদ্দিনকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের তল্লাশি অভিযান এখনো অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।