যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৬ এএম
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে পাঁচ দিনের ব্যস্ত সফর সমাপ্ত করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

নিউইয়র্ক সময় অনুযায়ী, শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রীর ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। সরকারপ্রধান হিসেবে বিশ্বমঞ্চের এই শীর্ষ অধিবেশনে এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক অংশগ্রহণ।

পাঁচ দিনের এই সফরে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় নানা কূটনৈতিক ফ্রন্টে অত্যন্ত ব্যস্ত সময় পার করেন তিনি। সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরে জোরালো বক্তব্য দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সভায় অংশ নেন তিনি। 

অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও সমসাময়িক ভূরাজনৈতিক নানা বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, চার দিনের ব্যবধানে প্রধানমন্ত্রী সশরীরে প্রায় ৩০টি আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন।

সফরের শেষ দিনেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। সকালে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান ‘জেপি মরগান’ আয়োজিত ওয়াল স্ট্রিটের প্রভাবশালী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে মিলিত হন তিনি। সেখানে বাংলাদেশের উদীয়মান অর্থনৈতিক সম্ভাবনা, কৌশলগত সুবিধা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরে বৈশ্বিক ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান। 

পরবর্তীতে জুমার নামাজ শেষে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে স্থানীয় প্রবাসী নেতাকর্মী ও বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। 

এদিকে সফরের সার্বিক অগ্রগতি ও অর্জন নিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফল সফর শেষে রাতেই দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়েন সরকারপ্রধান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।