আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১১ নভেম্বর, ২০২৬ ১০:২৬ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎ সংযোগের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রতন হোসেন (৩০) নামে এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

গত মঙ্গলবার রাত ৮টার দিকে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের আওতাধীন আত্রাই উপজেলার বড় কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. রতন হোসেন পাবনার চাটমোহর উপজেলার ধুলাউরি গ্রামের বাসিন্দা। তিনি নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসে ‘লাইনম্যান গ্রেড-২’ পদে কর্মরত ছিলেন।

পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় কালিকাপুর এলাকায় বিদ্যুৎ সংযোগ লাইনে ত্রুটি দেখা দিলে মঙ্গলবার বিকেল থেকেই রাণীনগর জোনাল অফিসের একটি কারিগরি দল মেরামতের কাজ করছিল। রাত আনুমানিক ৮টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রতন হোসেন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আবু হাসান বলেন, "বড় কালিকাপুর এলাকায় লাইনের ত্রুটি মেরামতের কাজ করার সময় রতন হোসেন বিদ্যুতায়িত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।"

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।