হেলিকপ্টারে বরযাত্রা: দেখতে কানুটিয়া স্কুল মাঠে উৎসুক জনতার ঢল

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
১১ নভেম্বর, ২০২৬ ১০:৩৩ পিএম
শেয়ার করুন:
হেলিকপ্টারে বরযাত্রা: দেখতে কানুটিয়া স্কুল মাঠে উৎসুক জনতার ঢল

মাগুরার মহম্মদপুর উপজেলায় বিয়েকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে এক ব্যতিক্রমী ও আনন্দঘন পরিবেশ। বিয়ে করতে বরযাত্রী নিয়ে ঝিনাইদহ যাওয়ার উদ্দেশ্যে ভাড়া করা একটি হেলিকপ্টার দেখতে সকাল থেকেই কানুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভিড় জমান শত শত উৎসুক জনতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাপাতলা গ্রামের বাসিন্দা মো. মুরাদ মোল্লার জ্যেষ্ঠ পুত্র মুন্নার বিয়ের অনুষ্ঠানের জন্য এই হেলিকপ্টারটি ভাড়া করা হয়। কানুটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বর ও বরযাত্রীদের নিয়ে হেলিকপ্টারটি কনের বাড়ি ঝিনাইদহের উদ্দেশে রওনা দেয়। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে নববধূকে সঙ্গে নিয়ে বর একই হেলিকপ্টারে গ্রামে ফিরে আসবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে গ্রামাঞ্চলে সচরাচর হেলিকপ্টার দেখার সুযোগ না থাকায় এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি হয়। মাঠে হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শিশু-কিশোর, নারী-পুরুষ ও প্রবীণরা সেখানে ছুটে আসেন। বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। 

উপস্থিত জনতার কেউ দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন, আবার কেউ এত কাছে থেকে সরাসরি হেলিকপ্টার দেখার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন। অনেকেই এই মুহূর্তটি স্মরণীয় করে রাখতে মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। 

একটি পারিবারিক বিয়ের আয়োজনকে কেন্দ্র করে ভাড়া করা হেলিকপ্টারটি এভাবে দিনভর স্থানীয় মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কানুটিয়া স্কুল মাঠের এই ভিড় ও কৌতূহল পুরো এলাকায় এক উৎসবমুখর আমেজ তৈরি করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।