নোয়াখালীতে নিখোঁজের ৬ দিন পর শ্বশুরবাড়িতে মিলল শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১২ নভেম্বর, ২০২৬ ৮:১৩ পিএম
শেয়ার করুন:
নোয়াখালীতে নিখোঁজের ৬ দিন পর শ্বশুরবাড়িতে মিলল শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মোহাম্মদ রাসেল (২৭) নামের এক শ্রমিকদল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেলকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার পর মরদেহ পুরোনো লেপ-তোশক দিয়ে পেঁচিয়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের ‘চৌকিদার বাড়ি’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে মরদেহের সন্ধান পায় পুলিশ। 

নিহত রাসেল নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি চাটখিল উপজেলা শ্রমিকদলের সাবেক সদস্য এবং নোয়াখলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাসেলের সঙ্গে তাঁর স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে, যারা বাবার সঙ্গেই থাকত। গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে পুনরায় সংসার শুরু করার কথা বলে রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেন তাঁর সাবেক স্ত্রী মুক্তা বেগম ও শ্যালিকা রত্না। এরপর থেকেই রাসেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে পরদিন ৭ নভেম্বর চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে ঘটনার পর থেকেই রাসেলের শ্বশুরবাড়ির লোকজন ঘরে তালা দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান।

ঘটনার বর্ণনা দিয়ে চাটখিল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রানা জানান, রাসেলের সন্ধানে বুধবার রাতে শ্রমিকদলের নেতাকর্মীদের নিয়ে তাঁরা চাটখিল থানায় যান। পরে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে গভীর রাতে রাসেলের শ্বশুরবাড়িতে পৌঁছান। সেখানে তল্লাশির একপর্যায়ে বাড়ির পেছনের একটি ভাঙা ও পরিত্যক্ত ঘর থেকে তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। ঘরে ঢুকে মাটি খোঁড়া দেখতে পেয়ে সন্দেহ হলে সেখানে তল্লাশি চালিয়ে লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা রাসেলের মাটিচাপা মরদেহ পাওয়া যায়। রাসেলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে আঘাতের গুরুতর ক্ষতচিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার রডও উদ্ধার করে পুলিশ।

সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন রাসেলের বাবা সিরাজুল ইসলাম। তিনি আহাজারি করে বলেন, "পরিকল্পিতভাবে প্রলোভন দেখিয়ে আমার ছেলেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘরে মাটিচাপা অবস্থায় মরদেহটি শনাক্তের পর বৃহস্পতিবার দুপুরে তা আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। 

ওসি আরও জানান, ঘটনার পর থেকেই নিহতের শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। তাঁদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।