সালথায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১৫ নভেম্বর, ২০২৬ ৮:১৪ পিএম
শেয়ার করুন:
সালথায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা

ফরিদপুরের সালথায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় নিজাম তালুকদার নামে এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে মাদকসেবীরা। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের হঠাৎ বাজারে এ ঘটনা ঘটে। মাদকসেবীদের এমন বেপরোয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আহত সাংবাদিক নিজাম তালুকদার জয়ঝাপ গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে। তিনি দৈনিক 'সরেজমিন বার্তা' পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি, সালথা প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং 'সমাজের বাণী' নামক একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে হঠাৎ বাজার এলাকায় কয়েকজন মাদকসেবী প্রকাশ্যে মাদক সেবন করছিল। এ সময় সাংবাদিক নিজাম তালুকদার তাদের মাদক সেবনে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই মাদকসেবীরা তার ওপর হামলা চালায়। একজন সংবাদকর্মীর ওপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ বলেন, “একজন সংবাদকর্মীর ওপর মাদকসেবীদের এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদকসেবীদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে, এখন মাদকের বিরুদ্ধে কথা বললেও সাংবাদিকদের হামলার শিকার হতে হচ্ছে। এটি কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সরাসরি হুমকি।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সালথা প্রেসক্লাব কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।