হঠাৎ চট্টগ্রাম কারাগার থেকে চিন্ময়কে কেরানীগঞ্জে স্থানান্তর

অনলাইন ডেস্কঃ
১৬ নভেম্বর, ২০২৬ ৭:২০ পিএম
শেয়ার করুন:
হঠাৎ চট্টগ্রাম কারাগার থেকে চিন্ময়কে কেরানীগঞ্জে স্থানান্তর

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার ভোর আনুমানিক পাঁচটার দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তাকে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন জানান, চিন্ময় কৃষ্ণ দাসকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে পাঠানো হয়েছে। তবে কী কারণে হঠাৎ করে তাকে চট্টগ্রাম থেকে স্থানান্তর করা হলো, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। এ ব্যাপারে কারাগারের জেলারের বক্তব্য জানতে চাওয়া হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের এক মামলায় চট্টগ্রাম আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের এই আদেশের পর তার অনুসারী ও সমর্থকেরা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে তাকে কারাগারে নিয়ে যায়।

ওই বিক্ষোভ চলাকালে আদালত সড়ক ও সংলগ্ন এলাকায় বেশ কিছু যানবাহন ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে আইনজীবী ও আদালত কর্মচারীদের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এই বিশৃঙ্খলার একপর্যায়ে আদালত চত্বরের অদূরে রঙ্গম কনভেনশন হলের গলিতে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৪ সালের ২৯ নভেম্বর নিহত আইনজীবীর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫-১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান আদালতে ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। ওই অভিযোগপত্রে চিন্ময় কৃষ্ণ দাসকে হত্যাকাণ্ডের প্রধান আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।