জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্কঃ
১৩ আগস্ট, ২০২৬ ১১:৫২ এএম
শেয়ার করুন:
জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

চলমান তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে জামালপুর শহরের বাইপাস এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। 

সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী, চাকরিজীবী ও সাধারণ মানুষ।

অবরোধকারী অটোরিকশা চালকদের অভিযোগ, দীর্ঘ সময় পাম্পের লাইনে দাঁড়িয়ে থেকেও তারা প্রয়োজন অনুযায়ী গ্যাস পাচ্ছেন না। গ্যাস না পেয়ে ঠিকমতো গাড়ি চালাতে না পারায় তাদের দৈনন্দিন উপার্জন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে জীবিকার তাগিদে তারা রাজপথে নেমেছেন।

ঘটনাস্থলে ভুক্তভোগী চালক মামুন বলেন, *“গতকাল রাত ১২টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু সকাল হয়ে গেলেও গ্যাস পাইনি। আমরা ভাড়ায় গাড়ি চালাই। গ্যাস না পেলে সংসার চালাব কীভাবে? বাধ্য হয়েই আমরা রাস্তা অবরোধ করেছি।”*

রমজান নামের আরেক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, *“পাম্পে কেবল কিছু নির্দিষ্ট গাড়িকে গ্যাস দেওয়া হচ্ছে, আর সাধারণ চালকেরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন। সাধারণ চালকদের জন্য পৃথক গ্যাস পাম্পের ব্যবস্থা করতে হবে অথবা সমস্যার স্থায়ী সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস দিতে হবে। অন্যথায় আমরা সড়ক ছাড়ব না।”*

সরেজমিনে দেখা যায়, মহাসড়ক অবরুদ্ধ থাকায় দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ ও অন্যান্য ছোট-বড় যানবাহন আটকা পড়ে আছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাজারো যাত্রী। উপায় না পেয়ে অনেককে বাধ্য হয়ে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।