গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অনলাইন ডেস্কঃ
১৪ নভেম্বর, ২০২৬ ২:৪১ পিএম
শেয়ার করুন:
গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি শিল্পকারখানার পোশাক শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের ৬ থেকে ৭টি শিল্পকারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল ১০টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। বিক্ষোভ চলাকালে একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িও ভাঙচুর করা হয়।

শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬ থেকে ৭টি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেওয়ায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা সরে যান। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।