তরুণ নেতৃত্বে মাদকমুক্ত ও উন্নত ভাওয়াল ইউনিয়ন গড়তে চান লিটন মাতুব্বর

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১৪ নভেম্বর, ২০২৬ ২:১৩ পিএম
শেয়ার করুন:
তরুণ নেতৃত্বে মাদকমুক্ত ও উন্নত ভাওয়াল ইউনিয়ন গড়তে চান লিটন মাতুব্বর

তরুণ নেতৃত্বের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. লিটন মাতুব্বর। জনগণের সেবক হিসেবে এলাকার মানুষের পাশে দাঁড়াতে চান তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি তাঁর নির্বাচনী ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। মো. লিটন মাতুব্বর ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের মৃত মো. হাসেম মাতুব্বরের ছেলে।

নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের বিষয়ে লিটন মাতুব্বর জানান, তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় অনেকেই তরুণ নেতৃত্বের প্রতি তাঁদের আগ্রহ ও সমর্থনের কথা জানাচ্ছেন। তাঁর ভাষ্যমতে, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রার্থীকে দেখেছেন। এখন তাঁরা নতুন ও তরুণ নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন এবং নিজেদের প্রত্যাশা পূরণের স্বপ্ন দেখছেন। বিভিন্ন এলাকায় গেলে সাধারণ মানুষ তাঁকে উৎসাহ দিচ্ছেন এবং দোয়া করছেন বলেও তিনি উল্লেখ করেন।

দলীয় মনোনয়নের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের প্রতি আশাবাদ ব্যক্ত করে লিটন মাতুব্বর জানান, দীর্ঘদিন ধরে তিনি তাঁর রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও প্রচার-প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এসব বিবেচনায় দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিয়ে জনগণের সেবা করার সুযোগ পাবেন বলে প্রত্যাশা করেন তিনি।

চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জন্য কী কী কাজ করবেন—এমন প্রশ্নের জবাবে লিটন মাতুব্বর বলেন, নির্বাচিত হলে প্রথমেই মাদকবিরোধী কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ইতিমধ্যে তিনি নিজ উদ্যোগে মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। তাঁর মূল লক্ষ্য ভাওয়াল ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত করা। এর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়নসহ ইউনিয়নের সার্বিক অগ্রগতিতে কাজ করতে চান তিনি। এ ছাড়া দল-মতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে নিজেকে চেয়ারম্যান নয়, বরং জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। ইউনিয়নের যেকোনো সমস্যা ও প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার প্রধান লক্ষ্য।’ সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সুন্দর ও উন্নত ভাওয়াল ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।