এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
নোয়াখালীর চাটখিলে পরকীয়ার জেরে শ্রমিক দল নেতা মোহাম্মদ রাসেলকে (৩২) হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেওয়ার ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শ্যালিকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিহত রাসেলের সাবেক স্ত্রী ও সানুখালী গ্রামের আব্দুল মন্নানের মেয়ে ফারজানা আক্তার মুক্তা, মুক্তার বোন নাদিয়া সুলতানা রত্না এবং মুক্তার বর্তমান স্বামী মো. সেলিম। সেলিম খাগড়াছড়ির রামগড় থানার গুইয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
এসআরবি জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠায় রাসেল ও মুক্তার মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এর জেরে মুক্তা রাসেলকে তালাক দেন। তবে রাসেল বিষয়টি মেনে নিতে পারেননি; তিনি পুনরায় মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা চালিয়ে যান। এরই মধ্যে চলতি বছরের অক্টোবর মাসে সেলিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুক্তা। বিষয়টি জানাজানি হলে রাসেল মুক্তাদের বাড়িতে আরও বেশি যাতায়াত শুরু করেন।
এসআরবি আরও জানায়, গত ৬ নভেম্বর রাসেলের মুঠোফোনে কল দিয়ে তাঁকে নিজেদের বাড়িতে ডেকে আনেন মুক্তা। ওই কল পেয়ে রাত ১০টার দিকে মুক্তাদের বাড়িতে যান রাসেল। সেখানে বিভিন্ন বিষয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে অপর আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করেন মুক্তা। পরে ঘটনাটি ধামাচাপা দিতে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে কম্বলে মুড়িয়ে রাসেলের মরদেহ মাটিচাপা দেওয়া হয়। বৃহস্পতিবার পুলিশ মাটিচাপা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলার ভিত্তিতে এসআরবি-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে এবং পরে চট্টগ্রামের ডাবলমুরিং এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।