নোয়াখালীতে বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৪ নভেম্বর, ২০২৬ ১১:০৯ এএম
শেয়ার করুন:
নোয়াখালীতে বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন রুবেলের পৈতৃক সম্পত্তির পাঁচ শতাংশ জমি দখল এবং বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল্লা আল ফারুকের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. সাদ্দাম হোসেন রুবেল এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে রুবেল বলেন, অভিযুক্ত আবদুল্লা আল ফারুক অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। ২০০৫ সাল থেকে পৈতৃক সম্পত্তি নিয়ে তার সঙ্গে আমাদের বিরোধ চলছে। দীর্ঘদিন ধরে তিনি আমাদের রেকর্ডীয় পাঁচ শতাংশ জমি দখল করে বাড়ির প্রবেশপথ বন্ধ করে রেখেছেন। এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে; বিশেষ করে অসুস্থ কাউকে জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

রুবেল আরও অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করায় তাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হয়েছে। আবদুল্লা আল ফারুকের ইন্ধনে তার জেঠাতো ভাই যুবলীগ ক্যাডার বেলায়েত হোসেন মজনু, অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাসির উদ্দিন পিন্টু ও শাহ আলমসহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। ওই হামলার পর তাকে প্রায় তিন বছর চিকিৎসাধীন থাকতে হয়।

সংবাদ সম্মেলনে রুবেল দাবি করেন, আবদুল্লা আল ফারুকের পরিবারের একাধিক সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি নিজেও দলটির অর্থদাতা। সাবেক স্ত্রীর দায়ের করা একাধিক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলু এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তার ভাইয়ের মাধ্যমে চাপ সৃষ্টি করে ফারুক ওই মামলাগুলো প্রত্যাহার করিয়ে নেন। এছাড়া ফারুকের তিন ভাইয়ের বিরুদ্ধে আদম ব্যবসা সংক্রান্ত পৃথক মামলা রয়েছে। তার দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে নিজ বাড়িতে দাওয়াত দিয়ে ভূরিভোজের আয়োজন করেছিলেন ফারুক।

রুবেলের অভিযোগ, বিএনপি সরকার গঠনের পর আবদুল্লা আল ফারুক আরও বেপরোয়া হয়ে উঠেছেন। বিভিন্ন অপকর্মে জড়াতে তিনি কিশোর গ্যাং গড়ে তুলেছেন এবং ষড়যন্ত্রের মাধ্যমে তাকে (রুবেলকে) দল থেকেও একাধিকবার বহিষ্কার করিয়েছেন। পাশাপাশি ৫ আগস্ট রাতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভাড়া করে এনে ডাক্তারহাট বাজারে হামলা ও ভাঙচুর চালিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী রুবেল জানান, স্থানীয়ভাবে একাধিকবার অভিযোগ করেও তিনি কোনো প্রতিকার পাননি। সংবাদ সম্মেলন থেকে তিনি পৈতৃক জমি উদ্ধার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি নোয়াখালী-৩, ৪ ও ৫ আসনের সংসদ সদস্যসহ বিএনপি নেতাদের সহযোগিতা চান তিনি।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল্লা আল ফারুক সব অভিযোগ অস্বীকার করে বলেন, রুবেলের কোনো জমি তার দখলে নেই, বরং রুবেলের কাছেই অতিরিক্ত জমি রয়েছে। তার সঙ্গে রুবেলের কোনো বিরোধ নেই; মূলত তার জেঠাতো ভাই মজনুর সঙ্গে রুবেলের বিরোধ ছিল। মজনু ঘর নির্মাণ করতে গেলে রুবেল তাতে বাধা দেন। রাজনৈতিক প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রুবেলকে দিয়ে এসব অভিযোগ করাচ্ছেন বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রুবেলের মা শাহজান বেগম ও বড় ভাই বেলায়েত হোসেন বেলাল উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।