গাজীপুরে শ্রমিক সেজে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
১৪ নভেম্বর, ২০২৬ ২:৪৮ পিএম
শেয়ার করুন:
গাজীপুরে শ্রমিক সেজে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক পরিচয়ে মহাসড়ক অবরোধ এবং নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে একদল লোক হঠাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ। 

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল ১১টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনের নামে যারা মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়; বরং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সকাল থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে কাজ করছে।

তিনি আরও জানান, মহাসড়ক ও বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টাকালে অভিযান চালিয়ে ওই ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।