গাজীপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে: অক্ষত অবস্থায় উদ্ধার ৬৯ জন

অনলাইন ডেস্কঃ
৩ অক্টোবর, ২০২৬ ৬:৩৯ পিএম
শেয়ার করুন:
গাজীপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে: অক্ষত অবস্থায় উদ্ধার ৬৯ জন

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি বহুতল পোশাক কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কারখানার ভেতরে আটকা পড়া ৬৯ জন শ্রমিক-কর্মকর্তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটে ডেগির চালা ফকির মার্কেট এলাকার আটতলা বিশিষ্ট ‘মেট্রিক্স গার্মেন্টস’ ভবনের তৃতীয় তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং বিকেল ৩টায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট একযোগে কাজ করে। এর মধ্যে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি, কোনাবাড়ী ফায়ার স্টেশনের ১টি, গাজীপুর ফায়ার স্টেশনের ৩টি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট অংশ নেয়। ফায়ার ফাইটারদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের পর কারখানার ভেতর থেকে ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের ভেতরে আর কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি চালানো হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।