নাজিরপুরে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা

আল-আমীন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
১৮ নভেম্বর, ২০২৬ ২:৩৮ পিএম
শেয়ার করুন:
নাজিরপুরে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা

পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে পৃথক ঘটনায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। একই রাতে দুর্বৃত্তরা একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এতে ইউপি কার্যালয়ে সংরক্ষিত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যসামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শাখারীকাঠী ইউনিয়ন পরিষদ ও কবিরাজবাড়ী এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে শাখারীকাঠী ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এর ঘণ্টাখানেক পর রাত আনুমানিক আড়াইটার দিকে কবিরাজবাড়ী এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। দোকানগুলোর মধ্যে মুদি, মনোহরী, পার্টস ও গ্যারেজ রয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন—নাজিরপুর সদর ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মো. মোস্তফা মাঝি, যুবদল নেতা আরাফাত মাঝি, শাহিন ভূঁইয়া ও সামাদ মাঝি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে শাখারীকাঠী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মনির মোল্লা জানান, রাত পৌনে দুইটার দিকে দুর্বৃত্তরা ভবনের হলরুমে আগুন দেয়। এতে সেখানে মজুত রাখা টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া হলরুমের দরজা, জানালা ও বেশ কয়েকটি বেঞ্চ পুড়ে যায়।

বুধবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক এবং উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবু হাসান খান। এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, "প্রাথমিক তদন্তে জানা গেছে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ঢেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে কবিরাজবাড়ীর দোকানগুলোতে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে; তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।