ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু হত্যার প্রতিবাদে উত্তাল মহাসড়ক: প্রথম জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ
১৮ নভেম্বর, ২০২৬ ৭:৫৭ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু হত্যার প্রতিবাদে উত্তাল মহাসড়ক: প্রথম জানাজা সম্পন্ন

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশটি একপর্যায়ে শোকসভায় পরিণত হয় এবং সেখানে মানুষের ঢল নামে। সমাবেশ শেষে সভাস্থলেই নিহত রাজু মোল্লার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, "শহীদ রাজুর প্রতিটি রক্তবিন্দুর বিচার নিশ্চিত করা হবে।" আয়োজিত এই প্রতিবাদ ও শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব / ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

ঘটনার বিবরণ:
এর আগে মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে নিহত হন নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে এবং উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একদল ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে নেমে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং অন্তত দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। হামলায় বেশ কয়েকজন আহত হন এবং রাজু মোল্লা গুরুতর জখম হন। পরবর্তীতে স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম মামুন জানান, "কয়েকজন পথচারী অজ্ঞাতপরিচয় হিসেবে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। পরে তাঁর পরিচয় শনাক্ত হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল এবং নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।"

মহাসড়কে অচলাবস্থা ও নেতাকর্মীদের ক্ষোভ:
ঘটনার পর মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। 

এদিকে রাজু মোল্লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী মহাসড়কে নেমে তাৎক্ষণিক বিক্ষোভ প্রদর্শন করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।