মিরপুরে ডিএনসিসি প্রশাসক শফিকুল মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত একাধিক

অনলাইন ডেস্কঃ
১৮ নভেম্বর, ২০২৬ ১২:৫৯ পিএম
শেয়ার করুন:
মিরপুরে ডিএনসিসি প্রশাসক শফিকুল মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত একাধিক

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে মিরপুর-১৩ নম্বরের বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়টিতে এই ঘটনা ঘটে। এতে কার্যালয়ের অন্তত দুই থেকে তিনজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও কার্যালয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভবনটিতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ভবনের সামনের কাচের দেয়াল ও লিফটের নিরাপত্তা ঘেরাও ভাঙচুর করে। কাচের মূল প্রবেশদ্বার বন্ধ থাকায় হামলাকারীরা ভেতরে ঢুকতে পারেনি। হামলার ঘটনার পর ভবনের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তার জন্য সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।

হামলার বিষয়ে কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, সম্ভাব্য হামলার আশঙ্কায় তাঁরা আগে থেকেই সতর্ক ছিলেন। তিনি বলেন, “সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় উপস্থিত ব্যক্তিরা সরে যেতে বাধ্য হন।”

তিনি আরও অভিযোগ করেন, “হামলাকারীদের মূল নিশানা ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন। ভবনের অন্যান্য অংশের তুলনায় তাঁর ব্যক্তিগত কক্ষেই বেশি ভাঙচুর চালানো হয়েছে এবং তাঁর ছবিও ক্ষতিগ্রস্ত করা হয়েছে।” একই সঙ্গে ঘটনার শুরুতেই পুলিশকে খবর দেওয়া হলেও অধিকাংশ ভাঙচুর শেষ হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে তিনি অভিযোগ করেন। 

বর্তমানে ভবনটির নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।