সালথায় মাদক, সন্ত্রাস ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রুখতে বিএনপির মতবিনিময় সভা

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১৮ নভেম্বর, ২০২৬ ১১:৫০ এএম
শেয়ার করুন:
সালথায় মাদক, সন্ত্রাস ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রুখতে বিএনপির মতবিনিময় সভা

ফরিদপুরের সালথায় মাদকের ভয়াবহতা, সন্ত্রাস ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাওয়াল গ্রামে হাসেম মোল্লার বাড়িতে উপজেলা যুবদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

হাসেম মোল্লার সভাপতিত্বে এবং ইলিয়াস মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বর, খোকন মাতুব্বর ও রাসেল শেখ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, উপজেলা কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাতুব্বর, বিএনপি নেতা বাকা মাতুব্বর এবং উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে হলে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের মরণনেশা থেকে রক্ষা করা এখন সময়ের বড় দাবি। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা রুখে দিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। এ ছাড়া এলাকায় মাদকের বিস্তার রোধ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।