প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

অনলাইন ডেস্কঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৫:১৮ পিএম
শেয়ার করুন:
প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে এই বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হয়।

এর আগে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। 

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ আপাতত কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে সরবরাহ করা হতে পারে। এরপর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। 

বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে সূত্রগুলো আরও জানায়, পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি কাজে লাগিয়ে পানি থেকে বাষ্প তৈরি করা হবে এবং সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। শুরুতে কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। ওই পর্যায়ে কেন্দ্রটি থেকে নিয়মিত প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।

এদিকে, জাতীয় গ্রিডের প্রস্তুতি বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, রূপপুরের বিদ্যুৎ গ্রহণের জন্য জাতীয় গ্রিড সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার সময় পিডিবির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল এবং সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করে রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।