সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকীতে ফরিদপুর প্রেসক্লাবের স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৫:১২ পিএম
শেয়ার করুন:
সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকীতে ফরিদপুর প্রেসক্লাবের স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন

ফরিদপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও নির্ভীক সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিক গৌতম দাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান, প্রেসক্লাবের সদস্য সাজ্জাদ হোসেন রনি, শফিকুল ইসলাম মনি, মাসুদুর রহমান তরুণ এবং সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আবরার নাদিম ইতু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গৌতম দাস ছিলেন একজন সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিক। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তিনি সবসময় আপসহীন ছিলেন। ২০০৫ সালে পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি। তাঁর সাহসী সাংবাদিকতা ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বক্তারা গৌতম দাসের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মের সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে সাহসের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আলোচনা শেষে প্রয়াত এই সাংবাদিকের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে তাঁর কর্মময় সাংবাদিকতা জীবন ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।