বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

অনলাইন ডেস্কঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৪:২১ পিএম
শেয়ার করুন:
বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তর থেকে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যের উপস্থিতি দেখতে পায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন বিছনাকান্দি বর্ডার আউট পোস্টের (বিওপি) একটি নিয়মিত টহল দল। পরে দ্রুত অভিযান চালিয়ে তাঁকে আটক করে বিছনাকান্দি বিওপিতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, বিছনাকান্দি বিওপির টহল দল সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতর থেকে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করেছে। বিষয়টি এরই মধ্যে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

তিনি আরও জানান, উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে; তবে বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।