ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্কঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৭ এএম
শেয়ার করুন:
ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ এই বিস্ফোরণে স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ওভারব্রিজের নিচে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। শব্দের উৎস খুঁজতে গিয়ে আশপাশের লোকজন এলাকাটি ধোঁয়ায় আচ্ছন্ন দেখতে পান। তখন উপস্থিত সবাই বুঝতে পারেন যে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে রাতের অন্ধকারের সুযোগে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে কেউ শনাক্ত করতে পারেননি।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী মো. হাবিব বলেন, “আমরা পাশেই দাঁড়িয়ে ছিলাম। বিকট শব্দ শুনে প্রথমে ভেবেছিলাম কোনো গাড়ির চাকা ফেটে গেছে। পরে এগিয়ে গিয়ে দেখি চারপাশ ধোঁয়ায় ভরে গেছে। তখন বুঝতে পারি এটি ককটেল বিস্ফোরণ ছিল। তবে কারা এটি নিক্ষেপ করেছে, তা দেখা সম্ভব হয়নি।”

খবর পেয়ে দ্রুত পুলিশ ও এসআরবি’র (র‍্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। ঘটনার পরপরই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম জানান, ঘটনার পরপরই পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে গেছে। অতীতে নির্বাচনের আগেও এমন দুই-তিনটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। 

তিনি আরও জানান, দুষ্কৃতকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে মহাসড়ক ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।