অন্তঃসত্ত্বা হাজতিকে নেওয়া হচ্ছিল হাসপাতালে, অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব

অনলাইন ডেস্কঃ
৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫১ পিএম
শেয়ার করুন:
অন্তঃসত্ত্বা হাজতিকে নেওয়া হচ্ছিল হাসপাতালে, অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব

ঝিনাইদহ থেকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সের ভেতরেই এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বৃষ্টি খাতুন নামের এক নারী হাজতি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে নয়টার দিকে যশোরের চুরামনকাটি এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছে। 

কারাগার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অন্তঃসত্ত্বা হাজতি বৃষ্টি খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছিল। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি যশোরের চুরামনকাটি এলাকায় পৌঁছালে হঠাৎ তাঁর তীব্র প্রসববেদনা শুরু হয়। দ্রুত কোনো হাসপাতালে নেওয়ার আগেই অ্যাম্বুলেন্সের ভেতরেই তিনি একটি পুত্রসন্তান প্রসব করেন।

নতুন এ অতিথির আগমনের খবর জানতে পেরে দ্রুত মানবিক পদক্ষেপে এগিয়ে আসে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে মা ও নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার ও অলিভ অয়েলসহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। 

কারাগারের চার দেয়ালের কঠোর বাস্তবতার মধ্যেও ঘটনাটি এক আনন্দঘন ও মানবিক পরিবেশের সৃষ্টি করে। কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুল দিয়ে মা ও নবজাতককে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। 

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন্স) নির্দেশনা অনুযায়ী মা ও নবজাতকের সার্বিক সেবা ও চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।