৫ দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি রামেক ইন্টার্ন চিকিৎসকদের

অনলাইন ডেস্কঃ
২১ অক্টোবর, ২০২৬ ৪:২৩ পিএম
শেয়ার করুন:
৫ দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি রামেক ইন্টার্ন চিকিৎসকদের

হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। 

বুধবার সকাল ৮টা থেকে তারা এ কর্মবিরতি পালন শুরু করেন। হঠাৎ এই কর্মসূচির কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

এদিন দুপুরে মেডিকেল কলেজের ‘চারু মামার ক্যান্টিনে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নেতারা কর্মবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। 

সংবাদ সম্মেলনে চিকিৎসকরা অভিযোগ করেন, হাসপাতালের ওয়ার্ডগুলোতে জীবনরক্ষাকারী ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট চলছে। এর পাশাপাশি অবাধে অতিরিক্ত দর্শনার্থী ও রোগীর স্বজনদের প্রবেশের সুযোগ থাকায় এবং দায়িত্বরত আনসার সদস্যদের চরম অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকরা প্রতিনিয়ত ‘মব’ ও শারীরিক-মানসিক হেনস্তার শিকার হচ্ছেন। 

নেতারা আরও জানান, সম্প্রতি একাধিক ইন্টার্ন চিকিৎসককে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এমনকি রোগীর স্বজনদের হুমকির মুখে এক নারী ইন্টার্ন চিকিৎসক সাধারণ পোশাকে ওয়ার্ড ছাড়তে বাধ্য হন। এ ছাড়া ক্যাজুয়ালিটি বিভাগ ও অবজারভেশন রুম চালু না থাকায় ওয়ার্ডে রোগীর অতিরিক্ত চাপ সামলাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার এসব সমস্যার কথা জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

**ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবি হলো:**
১. ভর্তি ওয়ার্ডগুলোতে পর্যাপ্ত ওষুধ ও জরুরি চিকিৎসা সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করা।  
২. কর্মস্থলে ইন্টার্ন চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।  
৩. একজন রোগীর সঙ্গে দুজনের বেশি স্বজন বা দর্শনার্থীকে হাসপাতালে প্রবেশ করতে না দেওয়া।  
৪. রোগী ভর্তির দিন ও তার পরবর্তী দিন সব ওয়ার্ডে আনসার সদস্যদের সার্বক্ষণিক ও সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা।  
৫. অবিলম্বে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগ ও অবজারভেশন রুম চালু করা।  

সংগঠনটির সভাপতি ডা. এস এম তপু হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চললেও সাধারণ চিকিৎসা সেবায় বড় ধরনের কোনো প্রভাব পড়ছে না বলে দাবি করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতি ও সংকট নিরসনে হাসপাতালের পরিচালক ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছেন। দ্রুতই বিষয়টির একটি ইতিবাচক সমাধান হবে বলে কর্তৃপক্ষ আশাবাদী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।