নাজিরপুরে ট্রলারডুবি: নিখোঁজের ৩ দিন পর মিলল মায়ের মরদেহ

আল-আমীন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
২১ অক্টোবর, ২০২৬ ৪:৫৯ পিএম
শেয়ার করুন:
নাজিরপুরে ট্রলারডুবি: নিখোঁজের ৩ দিন পর মিলল মায়ের মরদেহ

পিরোজপুরের নাজিরপুরে যাত্রীবাহী খেয়া ট্রলারডুবির তিন দিন পর নিখোঁজ রীনা বেপারী (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মধুরাবাদ এলাকার কালিগঙ্গা নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত রীনা বেপারী পার্শ্ববর্তী নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামের শংকর বেপারীর স্ত্রী।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টার দিকে মধুরাবাদ এলাকার কালিগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

এর আগে গত সোমবার (১৯ অক্টোবর) রাতে শ্রীরামকাঠী বন্দরের ফেরীঘাট এলাকা থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে একটি ট্রলার নদী পার হচ্ছিল। অতিরিক্ত বোঝাইয়ের কারণে ট্রলারটি মাঝনদীতে প্রায় অর্ধশত যাত্রী ও ৬টি মোটরসাইকেল নিয়ে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও রীনা বেপারী ও তাঁর আট বছর বয়সী মেয়ে অর্পিতা বেপারী নিখোঁজ হন। 

দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে ডুবুরি দল প্রথমে শিশু অর্পিতার মরদেহ উদ্ধার করে। নিখোঁজের তিন দিন পর আজ সকালে ভেসে ওঠে মা রীনা বেপারীর মরদেহ। এছাড়া ফায়ার সার্ভিস ও নৌ ডুবুরি দলের তৎপরতায় নদী থেকে ডুবে যাওয়া ৫টি মোটরসাইকেলও উদ্ধার করা সম্ভব হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।