ফরিদপুরে ডোবার পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
২১ অক্টোবর, ২০২৬ ৪:৫৬ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ডোবার পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে বাড়ির পেছনের ডোবার পানিতে ডুবে শেখ আরাফাত নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খালাশী ডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আরাফাত ওই গ্রামের বাসিন্দা শেখ রাসেলের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট। তার বড় দুই বোন রাইছার বয়স পাঁচ বছর ও রোজামনির বয়স তিন বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে আরাফাত তার বোনের সঙ্গে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের একটি ডোবার পানিতে শিশুটিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে ফুটফুটে এই শিশুটির এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।