বান্দরবান সীমান্তে ৮ জন আটকের ঘটনায় বিভ্রান্তি দূর করতে বিজিবির বিবৃতি

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি, বান্দরবানঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৮:২১ পিএম
শেয়ার করুন:
বান্দরবান সীমান্তে ৮ জন আটকের ঘটনায় বিভ্রান্তি দূর করতে বিজিবির বিবৃতি

বান্দরবানের দুর্গম দোপানীছড়া সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আটজন সন্দেহভাজন নাগরিক আটকের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা তুলে ধরেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি দোপানীছড়া সীমান্ত এলাকায় আটজন সন্দেহভাজন নাগরিককে আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য ও মতামত ছড়িয়ে পড়েছে, যা জনমনে বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। প্রকৃত ঘটনা ও আটকের প্রেক্ষাপট স্পষ্ট করতেই বিজিবির পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হয়েছে।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের গতিবিধি সাধারণ পর্যটক বা ট্রেকারদের স্বাভাবিক কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। সীমান্ত এলাকায় শূন্যরেখার ১৫০ গজের মধ্যে প্রবেশে বিধিনিষেধ থাকলেও তাঁরা গভীর রাতে বিজিবির দোপানীছড়া বিওপিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর ক্যাম্প এড়িয়ে দুর্গম ও ঝুঁকিপূর্ণ ঝিরিপথ ব্যবহার করে শূন্যরেখা থেকে মাত্র ১৫ গজের মধ্যে পৌঁছে যান। তাঁদের এ ধরনের চলাচল প্রচলিত সীমান্ত নিরাপত্তা নির্দেশনার পরিপন্থী।

আটক ব্যক্তিদের কাছ থেকে তিনটি জিপিএস ট্র্যাকার উদ্ধার করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিভাইসগুলো পরীক্ষা করে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনরত বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ক্যাম্প, অপারেশনাল বেইস ও সীমান্ত নিরাপত্তা চৌকির সুনির্দিষ্ট অবস্থান পিন পয়েন্ট করা অবস্থায় পাওয়া গেছে। তাঁদের চলাচলের ফুটপ্রিন্ট বিশ্লেষণে দেখা যায়, সাধারণ পর্যটক বা ট্রেকারদের প্রচলিত পথ অনুসরণ না করে তাঁরা পার্বত্য চট্টগ্রামের অত্যন্ত সংবেদনশীল সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে চলাচল করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ডিভাইসগুলোর বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন এবং তাঁদের সঙ্গে কোনো স্থানীয় গাইডও ছিল না। পরবর্তী সময়ে অধিকতর তল্লাশিতে তাঁদের কাছ থেকে ভারতীয় রুপি উদ্ধার করা হয়, যা তাঁদের চলাচলের উদ্দেশ্য নিয়ে গভীর সন্দেহের সৃষ্টি করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এত গভীর রাতে সীমান্তবর্তী সংবেদনশীল এলাকায় এ ধরনের চলাচল সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচিত হয়। যাত্রার আগে বা চলাচলের সময় সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তাঁদের নিরাপদ চলাচলে সর্বাত্মক সহযোগিতা করা হতো। তাঁদের অনিরাপদ ও সন্দেহজনক গতিবিধির কারণে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলির ঝুঁকিও তৈরি হয়েছিল। তবে বিজিবির টহল দল তাঁদের দেখতে পেয়ে কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই দ্রুত নিরাপত্তা হেফাজতে নিয়ে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করে।

এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে দুজনের বিষয়ে পৃথক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানায় বিজিবি। তাঁদের একজন আলীকদম থানার একটি হত্যা মামলার সাক্ষী এবং অপরজনের বিরুদ্ধে ভোলার লালমোহন থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সার্বিক পরিস্থিতি, সন্দেহজনক গতিবিধি, সংবেদনশীল সীমান্তবর্তী এলাকায় চলাচলের জিপিএস ফুটপ্রিন্ট, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্থাপনার অবস্থান সংরক্ষণ এবং উদ্ধার করা সরঞ্জামাদি বিবেচনায় অধিকতর তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

এমতাবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে বিজিবি। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ট্রেকিং বা ভ্রমণের ক্ষেত্রে নির্ধারিত নিরাপদ পথ অনুসরণ, যাত্রার আগে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে তথ্য দেওয়া, স্থানীয় অভিজ্ঞ গাইড সঙ্গে রাখা এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য পর্যটক ও ট্রেকারদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামে পর্যটক ও ট্রেকারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা আন্তরিক ও সচেষ্ট। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে বন্যায় দুর্গম এলাকায় আটকে পড়া ট্রেকার ও পর্যটকদের উদ্ধারে বান্দরবান সেক্টরের বিজিবি সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে তাঁদের নিরাপদে উদ্ধার করেন। ভবিষ্যতেও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তের সার্বিক নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা অব্যাহত রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।