আত্রাইয়ে দীর্ঘদিন পর পুনরায় চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৭:৫০ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে দীর্ঘদিন পর পুনরায় চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। বিদ্যুৎ ও পানির সংযোগ না থাকায় ভবনটি জরাজীর্ণ অবস্থায় থাকলেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূলের মানুষের জনস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রায় দুই যুগ আগে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের যৌথ পরিকল্পনায় উপজেলার হাতিয়াপাড়া গ্রামে এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণ করা হয়েছিল। তবে অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে এর কার্যক্রম বন্ধ ছিল। বর্তমান সরকার স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুর দিকনির্দেশনায় অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে কেন্দ্রটি পুনরায় চালু করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসাসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খায়রুল আলম। এ সময় তিনি বলেন, "নানা প্রতিকূলতা সত্ত্বেও সংসদ সদস্যের বিশেষ নির্দেশনায় আপাতত সাময়িকভাবে এখানকার চিকিৎসাসেবা শুরু করা হয়েছে।"

ভবনের জরাজীর্ণ দশা, বিদ্যুৎ ও পানির সংকট এবং পরিচ্ছন্নতার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, "বিষয়টি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে অবগত করে সবার সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বাবু। এ ছাড়াও যুব নেতা বায়জিদ হোসেন নসিব, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আমির হোসেন এবং স্থানীয় যুবদল নেতা খাজা নাজিমুদ্দিন, আনিছুর রহমান, আব্দুল লতিফ, জুয়েল, খোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে বক্তারা বলেন, এই উপ-স্বাস্থ্য কমপ্লেক্সটি পুনরায় চালু হওয়ায় শাহাগোলা ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ এখন থেকে হাতের নাগালেই প্রাথমিক চিকিৎসাসেবা পাবেন। এতে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় ও ভোগান্তি—দুটোই অনেকাংশে কমবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।