সেনাবাহিনীর দুই কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্কঃ
১৬ নভেম্বর, ২০২৬ ১১:৩০ এএম
শেয়ার করুন:
সেনাবাহিনীর দুই কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এবং তাঁর স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১১ নভেম্বরের একটি প্রজ্ঞাপনের ভিত্তিতে গত ১২ নভেম্বর সেনা সদরের মিলিটারি সেক্রেটারির শাখা থেকে তাঁদের বিষয়ে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, ১৭ নভেম্বর বিকেল থেকে এই বরখাস্ত কার্যকর হবে।

সংশ্লিষ্ট আদেশে সেনা আইনের ১৬ ধারা ও ৯(ক) বিধি এবং সেনা প্রবিধানের ৭৮(গ), ২৫৩(ক), ২৬১ ও ২৬৯(ক) ধারার উল্লেখ রয়েছে। নথির শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি অবসানের ধরন হিসেবে স্পষ্টভাবে ‘চাকরি থেকে বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী সরকার কোর্ট মার্শাল ছাড়াই আইনের আওতাধীন কোনো ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে। তাই এই দুটি পদক্ষেপ প্রশাসনিক বরখাস্ত হিসেবে গণ্য হবে। তবে তাঁদের বিরুদ্ধে সামরিক বা বেসামরিক আদালতে কোনো ফৌজদারি মামলা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

প্রথম আদেশে নাম থাকা বিএ-৪৬৩৮ ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। সর্বশেষ তিনি সেনা সদরের এম অ্যান্ড কিউ পরিদপ্তরে সংযুক্ত ছিলেন এবং তাঁর অধীনে কোনো অপারেশনাল কমান্ড ছিল না। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তিনি ঢাকা সেনানিবাসে অবস্থিত ১৪ স্বতন্ত্র প্রকৌশলী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন, যা সরাসরি সেনা সদরের অধীনে কাজ করত। উল্লেখ্য, ওই বছরের ১৯ জুলাই তৎকালীন হাসিনা সরকার কারফিউ জারি করে এবং আন্দোলন তীব্র হওয়ার পর সেনা মোতায়েন করেছিল।

দ্বিতীয় আদেশে নাম রয়েছে বিএ-৬৯৭২ লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের। কোর অব ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের এই কর্মকর্তা সর্বশেষ সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।