গোপালগঞ্জে থানার পরিদর্শককে কুপিয়ে জখম

অনলাইন ডেস্কঃ
১৮ নভেম্বর, ২০২৬ ৫:৫৮ পিএম
শেয়ার করুন:
গোপালগঞ্জে থানার পরিদর্শককে কুপিয়ে জখম

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল থেকে কাশিয়ানী থানার পরিদর্শক আবু আলমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জি সি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ পরিদর্শককে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলটি জি সি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে পরিদর্শক আবু আলম সেটির সামনে পড়ে যান। এ সময় মিছিলকারীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

এদিকে পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনার আগেই কাশিয়ানীতে স্থানীয় বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে। 

যে ঘটনার সূত্রপাত:
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পাটগাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিপুলসংখ্যক লোক জড়ো করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। 

বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানায় অতর্কিত হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং থানা থেকে গ্রেপ্তারকৃত আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। 

থানায় হামলার খবর পেয়ে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে একটি গাড়িবহর টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়। পথে নীলফা বাজার এলাকায় পৌঁছালে বহরটিতে হামলা চালানো হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুরো এলাকা জুড়ে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।