কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্কঃ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৩ পিএম
শেয়ার করুন:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষকের নিখোঁজ ১৩ বছর বয়সি সন্তান ইশায়েক শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর শনিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ‘ম্যাজিক প্যারাডাইস পার্ক’-এর পেছনের একটি টিলা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা নাহিদ এবং কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির ছেলে। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার নিজ বাসা থেকে বের হয়ে আর ফেরেনি অপ্রতিম। দীর্ঘ সময় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পর অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। প্রযুক্তিগত তদন্তে অপ্রতিমের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। এর সূত্র ধরে শনিবার সকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পার্কের পেছনের একটি নির্জন টিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, “বিশ্ববিদ্যালয়ের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপ্রতিমকে এক যুবকের সঙ্গে হেঁটে যেতে দেখা গেছে। পরে পার্ক সংলগ্ন টিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।