নেছারাবাদে সেফটি বেল্ট ছাড়া ঝুঁকিপূর্ণ কাজ: ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৪ নভেম্বর, ২০২৬ ৮:১৮ পিএম
শেয়ার করুন:
নেছারাবাদে সেফটি বেল্ট ছাড়া ঝুঁকিপূর্ণ কাজ: ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মো. জসিম (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা সেফটি বেল্ট ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে টিনের শেডের ওপর বসে ঝালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলা পরিষদের নতুন পাঁচতলা ভবনের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহত জসিম পার্শ্ববর্তী কাউখালী উপজেলার বাসিন্দা মো. ইদ্রিস আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন ভবনটির পঞ্চম তলা নির্মাণের কাজ পেয়েছে পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স কে কে এন্টারপ্রাইজ’। পঞ্চম তলা নির্মাণের প্রাথমিক প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট স্থাপনের জন্য লোহার অ্যাঙ্গেল ঝালাইয়ের কাজ চলছিল। শুক্রবার রাতে ভবনের পূর্ব পাশের একটি টিনের শেডের ওপর বসে লোহার অ্যাঙ্গেলে ঝালাইয়ের কাজ করছিলেন শ্রমিক জসিম। এ সময় হঠাৎ টিনের শেডটি ভেঙে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। 

দুর্ঘটনার পরপরই সহকর্মীরা তাঁকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাইসুল ইসলাম বলেন, ‘সেফটি বেল্ট পরে কাজ করলে হয়তো এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।’

শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ জানান, পঞ্চম তলার নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট তৈরির কাজ চলছিল। টিনের শেডের ওপর বসে অ্যাঙ্গেল ঝালাই করার সময় ওই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।

অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. শামীম ঘটনাটিকে ‘সম্পূর্ণ দুর্ঘটনা’ উল্লেখ করে নিহত শ্রমিকের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।