নাজিরপুরে নানা অনিয়মের দায়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

আল-আমীন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
৫ অক্টোবর, ২০২৬ ১:৩৬ পিএম
শেয়ার করুন:
নাজিরপুরে নানা অনিয়মের দায়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১৭০ নম্বর উত্তর চালিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেশমা আক্তারকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং অসদাচরণের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।  

গত ২৮ সেপ্টেম্বর পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বরখাস্তের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেশমা আক্তারের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অসদাচরণ, সরকারি অর্থ ও বিদ্যালয়ের সম্পদ ব্যবস্থাপনায় অনিয়ম এবং সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিধিবহির্ভূতভাবে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া বিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজের জন্য বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় না করার বিষয়টিও তদন্তে প্রমাণিত হয়েছে।  

এর আগে গত ১৩ জানুয়ারি সংশ্লিষ্ট ক্লাস্টারের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের তদন্তে এসব অভিযোগের সত্যতা মেলে। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গত ১৫ সেপ্টেম্বর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিক্ষা অফিসে সুপারিশ পাঠান।  

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী দায়িত্ব ও কর্তব্যে অবহেলা ও অসদাচরণের দায়ে বিধিমালাটির ১২(২) ধারা মোতাবেক তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।  

এ বিষয়ে নাজিরপুর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামিম হাসান জানান, “ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেশমা আক্তারকে সাময়িক বরখাস্তের সরকারি অফিস আদেশ আমরা পেয়েছি এবং আদেশের অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।