প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ হাজার নিমগাছের চারা উপহার

অনলাইন ডেস্কঃ
২০ নভেম্বর, ২০২৬ ৬:৪৪ পিএম
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ হাজার নিমগাছের চারা উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় ৬২ হাজার নিমগাছের চারা এবং বিশুদ্ধ পানি পানের মগ বিতরণের ব্যতিক্রমী এক কর্মসূচি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সুরক্ষার সচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণে উৎসাহ প্রদান এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে এ উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠ এবং বেলা ১১টায় শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে দুই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও পানির মগ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানিয়েছেন, অবশিষ্ট ৫৭ হাজার চারা ও মগ আগামী রবিবার (২২ নভেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “বগুড়ার কৃতি সন্তানের জন্মদিনে আমরা শিক্ষার্থীদের হাতে একটি করে বৃক্ষ ও বিশুদ্ধ পানির মগ উপহার দিয়েছি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা প্রত্যেকের বাড়িতে একটি করে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি। আজকের শিক্ষার্থীদের কেবল চারা গ্রহণ করলেই হবে না, সেটির সঠিক যত্ন নিয়ে বড় করে তোলার দায়িত্বও নিজেদের কাঁধে তুলে নিতে হবে।” তিনি শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি সমাজ ও পরিবেশ সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, “পড়াশোনার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে চায় সরকার। তরুণদের বছরজুড়ে খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে।” 

এ সময় তিনি মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে আধুনিক রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে পরিকল্পিত আবাসন, উন্নত যোগাযোগব্যবস্থা, সঠিক নিষ্কাশন ব্যবস্থা ও আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে এগুলোকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

বক্তব্যে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বগুড়া সফরের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে নবগঠিত মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি বহুল প্রতীক্ষিত মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক সহিংসতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “দেশের মানুষ সহিংসতা নয়, শান্তি ও উন্নয়ন চায়। সরকার এখনো সহনশীল আচরণ করছে, তবে একে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। জননিরাপত্তা বিঘ্নিতকারী ও নাশকতায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” দেশের অর্থনৈতিক মুক্তি ও শান্তি নিশ্চিত করতে বিপুল জনসমর্থন পাওয়া সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।