পিরোজপুরে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হ্যাপী ও আ. লীগ নেতা খালেকের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৯ নভেম্বর, ২০২৬ ২:৪৬ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হ্যাপী ও আ. লীগ নেতা খালেকের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেকের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে জেলা শহরের ম্যাটারনিটি রোডে অবস্থিত তাদের পৈতৃক বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাড়িটিতে একাধিকবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দীর্ঘ দিন পরিত্যক্ত থাকার পর সম্প্রতি বাড়িটিতে মেরামতের কাজ শুরু করেছিল পরিবারটি। তবে বুধবার গভীর রাতে একদল বিক্ষুব্ধ জনতা হঠাৎ বাড়িটিতে চড়াও হয়ে ফের ব্যাপক ভাঙচুর চালায় এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়।

উল্লেখ্য, মজিবুর রহমান খালেক জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তার স্ত্রী সালমা রহমান হ্যাপী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বড় ছেলে তানভীর মুজিব অভি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তার বড় ভাই এ কে এম এ আউয়াল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবং মেজ ভাই হাবিবুর রহমান মালেক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র। 

এ বিষয়ে পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, গভীর রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তিনি আরও জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।