স্ত্রীর দেওয়া ডিভোর্সে ‘মুক্তির আনন্দ’: এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী, মিষ্টি বিতরণ মায়ের

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
১৯ নভেম্বর, ২০২৬ ১১:৩৪ এএম
শেয়ার করুন:
স্ত্রীর দেওয়া ডিভোর্সে ‘মুক্তির আনন্দ’: এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী, মিষ্টি বিতরণ মায়ের

প্রেমের টানে ঘর বাঁধা, স্বপ্ন ছিল সুখী দাম্পত্যের। তবে সেই সম্পর্কের পরিণতি শেষ পর্যন্ত গড়াল তিক্ত বিচ্ছেদে। স্ত্রীর কাছ থেকে তালাকের (ডিভোর্স) নোটিশ পেয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছেন এক যুবক। দাম্পত্য জীবনের অবসানকে ‘মুক্তি’ হিসেবে উদযাপন করতে তিনি প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন। শুধু তা-ই নয়, ছেলের এমন ‘মুক্তির আনন্দে’ পাড়া-প্রতিবেশীদের ডেকে মিষ্টি খাইয়েছেন তাঁর মা-ও।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের রেজাউল শেখের ছেলে আলামিন শেখের (৩১) এমন কাণ্ড দেখতে তাঁর বাড়ির সামনে উৎসুক এলাকাবাসী ভিড় জমান। মুহূর্তের মধ্যেই খবরটি পুরো এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের আজাদ মুন্সির মেয়ে আহিয়া আইভির (২৫) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলামিন শেখ। তবে বিয়ের কয়েক মাস পর থেকেই নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ও দূরত্ব বাড়তে থাকে।

আলামিন শেখের অভিযোগ, তাঁর স্ত্রী একাধিক যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এমনকি তাঁর অনুমতি ছাড়াই অন্য এক যুবকের সঙ্গে মিউজিক ভিডিওতে অংশ নিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এসব নিয়ে প্রতিবাদ করায় দাম্পত্য কলহ চরমে পৌঁছায়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আইভি তাঁকে ডিভোর্স দেন।

ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করে আহিয়া আইভির ভাই আরমান মুন্সি মুঠোফোনে বলেন, ‘দিন কয়েক আগে আমার বোন তাকে ডিভোর্স দিয়েছে। আমাদের পরিবারের কারও ইচ্ছা ছিল না এই সংসার আর টিকে থাকুক।’

ছেলের এমন বিচ্ছেদ উদযাপনে স্বস্তি প্রকাশ করে আলামিনের মা জোনাকি বেগম বলেন, ‘তাঁর (আইভি) অস্বাভাবিক আচরণ ও মানসিক অত্যাচারে আমাদের পুরো পরিবার অতিষ্ঠ হয়ে উঠেছিল। ডিভোর্সের খবর পাওয়ার পর ছেলে দুধ দিয়ে গোসল করে মানসিক ভারমুক্ত হয়েছে। আমরাও তাঁর হাত থেকে মুক্তি পেয়েছি। সেই আনন্দে পাড়া-প্রতিবেশীদের মিষ্টি রান্না করে খাইয়েছি।’

তবে এ বিষয়ে আহিয়া আইভির বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি।

ডিভোর্সের খবরে যুবকের দুধ দিয়ে গোসল এবং পরিবারের মিষ্টি বিতরণের এই ব্যতিক্রমী ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।