রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
১৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৭ এএম
শেয়ার করুন:
রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে অন্তত ১৪টি মামলা রয়েছে।

অভিযানের বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় সপরিবারে অবস্থান করছেন নুরুল ইসলাম নাহিদ। পরে রাত ২টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটকের পর প্রাথমিক প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৩টার দিকে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।

গণমাধ্যমে আসা ভিডিও চিত্রে দেখা যায়, গ্রেপ্তারের সময় পরিবারের সদস্যরা সাবেক এই মন্ত্রীর প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য পুলিশের কাছে কিছুটা সময় চান। এ সময় নাহিদকে কেন নিয়ে যাওয়া হচ্ছে তা জানতে চাওয়ার পাশাপাশি পরিবারের এক সদস্য তাঁর সঙ্গে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। পুলিশ সদস্যরা স্বজনদের আসার অনুমতি দেন এবং বিস্তারিত পরে কথা বলার পরামর্শ দেন। 

জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নুরুল ইসলাম নাহিদ কার্যত গৃহবন্দী জীবনযাপন করছিলেন এবং দীর্ঘ সময় ধরে তিনি বাসা থেকে বাইরে বের হননি। 

উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান এবং টানা ১০ বছর এ দায়িত্ব পালন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।