বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্কঃ
১ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৬ পিএম
শেয়ার করুন:
বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে সীমান্ত ফাঁড়ির (বিওপি) ওয়াচ টাওয়ার থেকে জামিল হাসান শিষ (২৫) নামে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জামিল হাসান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। তিনি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টার মধ্যে যেকোনো এক সময়ে মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে জামিল হাসান গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে। সকালে বিষয়টি নজরে এলে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশকে অবগত করা হয়। 

খবর পেয়ে সকাল ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে যান। এ সময় ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিমও বিওপি ক্যাম্পে উপস্থিত ছিলেন।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ ঝুলন্ত মরদেহ নিচে নামিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।