রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ফোন খোয়ালেন ৯ জন

অনলাইন ডেস্কঃ
২১ অক্টোবর, ২০২৬ ৯:৩৪ এএম
শেয়ার করুন:
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ফোন খোয়ালেন ৯ জন

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিয়ে অন্তত নয়জন নেতাকর্মী তাঁদের মুঠোফোন খুইয়েছেন। মোবাইল চুরির এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় সাতটি এবং বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মাদ্রাসা ময়দানে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় ফোন হারিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে তাওসীফ আজাদও। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি জিডি করা হয়েছে।

ঘটনার বিষয়ে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য শেষ করে যখন প্রস্থান করছিলেন, তখন মঞ্চের পেছনের অংশে দাঁড়িয়ে ছিল আমার ছেলে। প্রচণ্ড ভিড়ের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তার পকেট থেকে ফোনটি নিয়ে যায়।”

পুলিশ সূত্রে জানা গেছে, জনসভায় ফোন হারানোর ঘটনায় মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজপাড়া থানায় মোট সাতটি জিডি নথিভুক্ত হয়েছে। তবে অনেকেই এখনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

ভুক্তভোগীদের একজন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ বাদশা। তিনি জানান, জনসভা শেষে মাদ্রাসা মাঠের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় কৌশলে পাঞ্জাবির পকেট কেটে তাঁর মোবাইল ফোনটি চুরি করা হয়। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সতর্কতামূলক পোস্ট দিয়ে তিনি অনাকাঙ্ক্ষিত কোনো বার্তা বা বিভ্রান্তিকর বিষয় এড়িয়ে চলার অনুরোধ জানান। এ ঘটনায় থানায় দ্রুতই জিডি করবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “ফোন হারানোর ঘটনায় থানায় এ পর্যন্ত সাতটি জিডি হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট অত্যন্ত তৎপর। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত ফোনগুলো উদ্ধারের পাশাপাশি জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।