স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্কঃ
৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৪ পিএম
শেয়ার করুন:
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে অন্তত ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ডিম ও বনরুটি খাওয়ার পর হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টার মধ্যে তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো রোববারও স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের ডিম ও বনরুটি দেওয়া হয়। তবে খাবার খাওয়ার কিছুক্ষণ পরই একে একে কয়েকজন শিক্ষার্থী অসুস্থতাবোধ করতে থাকে। শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে ১১ জন শিক্ষার্থীকে জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

শিক্ষার্থীদের শারীরিক অবস্থার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, "ভর্তি হওয়া শিক্ষার্থীদের পেটে ব্যথাসহ খাদ্যে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) বিভিন্ন উপসর্গ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলের সরবরাহকৃত খাবার থেকেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে শিক্ষার্থীরা আশঙ্কামুক্ত রয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।"

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অসুস্থ এক শিক্ষার্থীর বাবা জহুরুল ইসলাম বলেন, "শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার জন্য সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু খাবারের গুণগত মান যাচাইয়ে কার্যকর নজরদারি না থাকলে মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। নিম্নমানের খাবার দিয়ে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা উচিত।"

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের খাবার সরবরাহের দায়িত্বে রয়েছে বেসরকারি সংস্থা ‘গ্রাম উন্নয়ন কর্ম’ (গাক)। এ বিষয়ে বক্তব্য জানতে সংস্থাটির জেলা সমন্বয়কারী কবির হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগেও জেলায় গাকের সরবরাহ করা খাবার খেয়ে অন্তত চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।