কোজাগরী লক্ষ্মীপূজা ঘিরে মাগুরায় প্রতিমা ও পূজাসামগ্রী বিক্রির ধুম

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
২৪ অক্টোবর, ২০২৬ ৪:৩৮ পিএম
শেয়ার করুন:
কোজাগরী লক্ষ্মীপূজা ঘিরে মাগুরায় প্রতিমা ও পূজাসামগ্রী বিক্রির ধুম

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা আগামীকাল রবিবার (২৫ অক্টোবর)। পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে ধন-সম্পদ, সুখ-শান্তি ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবেন ভক্তরা। পূজা উপলক্ষে মাগুরার চার উপজেলার হাট-বাজারগুলোতে এখন চলছে মাটির তৈরি প্রতিমা ও পূজাসামগ্রী কেনাবেচার ধুম।

সরেজমিনে বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, মৃৎশিল্পীদের নিপুণ হাতে তৈরি ছোট, মাঝারি ও বড় আকারের প্রতিমা থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা নিজ নিজ সাধ্য ও পছন্দ অনুযায়ী প্রতিমা কিনছেন। বাজারে ছোট প্রতিমার দাম শুরু হচ্ছে ১৫০ টাকা থেকে। আকার, নান্দনিকতা ও কারুকাজভেদে এসব প্রতিমা ২০০ টাকা বা তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে।

প্রতিমার পাশাপাশি দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে পূজার অন্যান্য সামগ্রী কেনার ক্ষেত্রেও। পূজার অপরিহার্য উপকরণ পদ্মফুল, প্রতিমার মাথার মুকুট ও সাজসজ্জায় ব্যবহৃত শোলার মালা, ফলমূলসহ নানা উপাচার কিনতে বাজারে ভিড় করছেন পুণ্যার্থীরা। 

ক্রেতা ও দর্শনার্থীরা জানান, পরিবারের সুখ, সমৃদ্ধি ও আর্থিক সচ্ছলতা কামনায় প্রতিবছরই নিষ্ঠার সঙ্গে লক্ষ্মীপূজার আয়োজন করা হয়। পূজাকে ঘিরে মাগুরার প্রতিটি সনাতন ধর্মাবলম্বী পরিবারেই এখন বিরাজ করছে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।