সদরপুরে প্রকাশ্যেই খাল থেকে ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে কৃষিজমি ও সড়ক

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
২৪ অক্টোবর, ২০২৬ ২:২৮ পিএম
শেয়ার করুন:
সদরপুরে প্রকাশ্যেই খাল থেকে ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে কৃষিজমি ও সড়ক

ফরিদপুরের সদরপুরে সরকারি খাল থেকে ড্রেজার বসিয়ে প্রকাশ্যেই অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে খালের দুই পাড় ভেঙে গিয়ে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে আশপাশের ফসলি জমি ও গ্রামীণ সড়ক। প্রাকৃতিক পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এই অবৈধ তৎপরতা অবিলম্বে বন্ধ করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার আকোটের চর ইউনিয়নের কোকারাম সরকারের কান্দি গ্রামের ‘রামনগর খালে’ শক্তিশালী ড্রেজার বসিয়ে নির্বিচারে বালু তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রভাবশালী মুন্নাফ শেখ ও কাজল নামের দুই ব্যক্তি যোগসাজশ করে এই বালু উত্তোলন করছেন।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, অপরিকল্পিতভাবে খালের বুক চিরে বালু তোলার কারণে যেকোনো সময় খালের দুই পাড়ে বড় ধরনের ধস নামতে পারে। এতে খালের স্বাভাবিক নাব্যতা ও বাস্তুসংস্থান নষ্ট হওয়ার পাশাপাশি পাশের বিস্তীর্ণ কৃষিজমি ও জনগুরুত্বপূর্ণ সড়ক খালের গর্ভে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রশাসনের নাকের ডগায় দিনদুপুরে ড্রেজার চালিয়ে বালু কাটা হচ্ছে। এটি দ্রুত বন্ধ না হলে এলাকার সড়ক ও ফসলি জমি খালের পানিতে তলিয়ে যাবে।”

কোকারাম সরকারের কান্দি এলাকার এক কৃষক আক্ষেপ করে বলেন, “পদ্মা নদীর ভাঙনে প্রতিবছরই এ অঞ্চলের মানুষকে সর্বস্ব হারাতে হয়। সেই ক্ষত শুকাতে না শুকাতেই এবার প্রভাবশালীরা খালের ভেতর থেকে বালু তুলে আমাদের শেষ সম্বলটুকুও হুমকির মুখে ফেলেছে। এতে ফসলি জমি সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা অবিলম্বে এই বালু দস্যুদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করেছেন অন্যতম অভিযুক্ত মুন্নাফ শেখ। মুঠোফোনে জানতে চাইলে তিনি অবলীলায় বলেন, “এখান থেকে চুরি করে বালু উত্তোলন করছি। সরকারি কোনো অনুমোদন নেই।”

তবে আরেক অভিযুক্ত কাজল দাবি করেন, “এভাবে বালু উত্তোলনে কোনো অনুমোদনের প্রয়োজন হয় না। তাছাড়া এটি কোনো সরকারি খাল বা জায়গা নয়, এটি ব্যক্তিগত জমি।”

এ বিষয়ে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন বলেন, “সরকারি খাল কিংবা যেকোনো স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। ড্রেজার দিয়ে বালু তোলা সম্পূর্ণ আইন পরিপন্থী। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।