আগৈলঝাড়ায় ঘরে ঢুকে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ, লুটপাট

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২২ অক্টোবর, ২০২৬ ৬:২৭ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় ঘরে ঢুকে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ, লুটপাট

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরের দরজা ভেঙে ঢুকে মো. আকাশ মীর (৩৪) নামের এক যুবককে তুলে নিয়ে রাতভর বর্বরোচিত নির্যাতনের অভিযোগ উঠেছে একদল সশস্ত্র দুর্বৃত্তের বিরুদ্ধে। লোহার রড দিয়ে পেটানো ছাড়াও ভুক্তভোগীকে বৈদ্যুতিক শক, প্লাস দিয়ে নখ উপড়ে ফেলার চেষ্টা এবং নাকের ভেতর গরম পানি ঢেলে অমানুষিক নির্যাতন চালানো হয়। এ সময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট এবং জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার ঘটনাও ঘটে। 

এ ঘটনায় ভুক্তভোগী আকাশ মীর বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের বাসিন্দা। 

অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা হলেন—বেলুহার গ্রামের মো. রাজু মীর (৪০), মো. রাকিব মীর (২৮), জয়নাল মীর, শিমুল মীর (৫৫), তাওহীদ ভূঁইয়া (২৫), তরিকুল ভূঁইয়া, বিলাল ভূঁইয়া, অরুন ভূঁইয়া (৩৮) এবং জালাল ভূঁইয়া।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে আকাশ মীরের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২০ অক্টোবর দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আকাশ মীর তাঁর স্ত্রী-সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে তাঁর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা ঘরে ঢুকেই আকাশ মীরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর শুরু করে। তাঁর স্ত্রী স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে এক নম্বর অভিযুক্ত ব্যক্তি ঘরে থাকা নগদ এক লাখ টাকা ও এক জোড়া স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, দুর্বৃত্তরা আকাশ মীরকে বসতঘর থেকে টেনেহিঁচড়ে পার্শ্ববর্তী একটি গোয়ালঘরে নিয়ে আটকে রাখে। সেখানে তাঁর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়। তাঁকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয় এবং শরীরে বৈদ্যুতিক শক দেওয়া হয়। একপর্যায়ে প্লাস দিয়ে তাঁর পায়ের নখ তুলে ফেলার অপচেষ্টা চালানো হয় এবং নাকের ভেতর ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হয়। নির্যাতনের একপর্যায়ে আলী হোসেন স্বপন ভূঁইয়া নামে এক ব্যক্তি এসে তাঁর কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেন। 

পরদিন সকাল আনুমানিক ১১টার দিকে গুরুতর রক্তাক্ত ও অচেতন অবস্থায় আকাশকে তাঁর বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করেন। 

ভুক্তভোগী আকাশ মীর জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। হাসপাতালে চিকিৎসাধীন থাকা এবং পরবর্তীতে বিষয়টি নিয়ে আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করায় থানায় অভিযোগ জানাতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

এ বিষয়ে আগৈলঝাড়া থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।