আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৬ এএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সারাদেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে গৈলা বাজার সংলগ্ন টলঘর এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গৈলা বাজার টলঘর এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা স্তূপীকৃত ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে ধ্বংস করা হয় এবং এলাকাটিকে জনসাধারণের চলাচল ও স্বাস্থ্যকর পরিবেশের উপযোগী করে তোলা হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সক্রিয়ভাবে অংশ নেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর একঝাঁক স্বেচ্ছাসেবী, গৈলা বাজার কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা যুবদল নেতা হেমায়েত তালুকদার ও সালমান হাসান রিপনসহ যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রমটি একটি সামাজিক আন্দোলনে রূপ নেয়।

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কেবল প্রশাসনের উদ্যোগেই ডেঙ্গু নির্মূল সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা। নিজ নিজ বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আঙিনা সব সময় পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে।”

প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গৈলা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। তারা জানান, বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের এমন সম্মিলিত কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় ডেঙ্গুর প্রকোপ কমবে এবং পরিবেশও সুন্দর থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।