এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আগাম নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী মাঠে নামায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে।
নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালানোর পাশাপাশি মাঠপর্যায়ে জনসংযোগ চালিয়ে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে গ্রামীণ জনপদ। হাট-বাজার, চায়ের দোকান ও রাস্তার মোড়ে এখন শুধুই নির্বাচনী আলাপ। এর মধ্যেই সচেতন ভোটাররা সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী বেছে নিতে শুরু করেছেন চুলচেরা বিশ্লেষণ।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে বিএনপির অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তারা স্থানীয় মানুষের সমর্থন আদায়ে দিন-রাত এলাকায় কুশল বিনিময়, সভা-সমাবেশ ও দোয়া চেয়ে বেড়াচ্ছেন।
৫টি ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন:
১নং রাজিহার ইউনিয়ন: উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া, রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব শ্যামল চন্দ্র ঘটক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিম উদ্দিন স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা হোসাইনুর রহমান এবং উপজেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক ও ২০১৬ সালের ধানের শীষের প্রার্থী শোভন রহমান মনির।
২নং বাকাল ইউনিয়ন: উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কার্তিক বেপারী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুছ আলী ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সরদার, সদস্য সচিব সুরজিৎ পান্ডে পাপ্পি, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ও ২০১৬ সালের ধানের শীষের প্রার্থী তারেক ফকির এবং বিএনপি নেতা অশোক সরকার।
৩নং বাগধা ইউনিয়ন: উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম ভাট্টি, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও ২০১৬ সালের ধানের শীষের প্রার্থী কে এম রেজাউল ফয়েজ রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আহসান খান আপাং, সাবেক ছাত্রদল নেতা মিল্লাত বখতিয়ার, আমেরিকা প্রবাসী বিএনপি নেতা অহিদুজ্জামান নিলু, বরিশাল স্বেচ্ছাসেবক দলের সাবেক মানবাধিকারবিষয়ক সম্পাদক মো. ছাইদুর রহমান মিয়া সাঈদ এবং বিএনপি নেতা আল আমিন হাওলাদার।
৪নং গৈলা ইউনিয়ন: সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হেমায়েত তালুকদার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনায়েত খান মনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাক ফকির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, বরিশাল জেলা উত্তর তাঁতী দলের সদস্য সচিব ও বিআরডিবির চেয়ারম্যান আক্তারুজ্জামান, ইতালি প্রবাসী রফিকুল ইসলাম দুলাল এবং সাবেক ছাত্রনেতা এস এম আবু হানিফ।
৫নং রত্নপুর ইউনিয়ন: সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মন্নান আকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক খোকন, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ২০১৬ সালের ধানের শীষের প্রার্থী শাহ মো. ফিরোজ, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম শাহিন সেরনিয়াবাত, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাওন তালুকদার, গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ ভুইয়া এবং বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তপন সরকার বিন্দু।
মাঠে নেমে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি:
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। গৈলা ইউনিয়নের প্রার্থী শাহ মো. বখতিয়ার বলেন, "যুবসমাজকে রক্ষা করতে মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন গড়াই আমার মূল অঙ্গীকার।" রাজিহার ইউনিয়নের প্রার্থী সরোয়ার হোসেন মিয়া বলেন, "নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে সুশৃঙ্খল, জনবান্ধব ও মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করব।" বাকাল ইউনিয়নের প্রার্থী ইউনুস আলী ফকির তরুণদের সঠিক পথে পরিচালনা ও নাগরিক অধিকার নিশ্চিতের প্রত্যয় জানান।
অন্যদিকে, গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা গড়ার কথা জানান। প্রার্থী হেমায়েত তালুকদার এবং রত্নপুর ইউনিয়নের প্রার্থী শাহ মো. ফিরোজ দলের জন্য নিজেদের অতীতের ত্যাগ ও জেল-জুলুমের কথা তুলে ধরে দলীয় মূল্যায়নের প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া রত্নপুরের সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান আকন নাগরিক সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস দেন।
ভোটারদের ভাবনা:
সাধারণ ভোটার, ব্যবসায়ী, শিক্ষক ও তরুণ সমাজের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এলাকায় কোনো পেশিশক্তি বা প্রভাব বিস্তারকারী প্রার্থী দেখতে চান না। ভোটারদের ভাষ্য—"এবার কোনো ব্যক্তি বা প্রতীকের অন্ধ সমর্থনে নয়; সততা, যোগ্যতা, শিক্ষা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি দেখেই ভোট দেওয়া হবে।" তারা একটি অবাধ, নিরপেক্ষ ও ভয়ভীতিহীন নির্বাচনী পরিবেশের প্রত্যাশা করছেন।
উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের বক্তব্য:
এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না বলেন, "ইউপি নির্বাচনের বিষয়ে কেন্দ্র ও জেলা কমিটি থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা আসেনি। সম্ভাব্য প্রার্থীরা নিজ উদ্যোগেই মাঠে নেমেছেন। কেন্দ্র থেকে নির্দেশনা পেলে সেই অনুযায়ী তালিকা পাঠানো হবে।"
উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম বলেন, "দলীয় সিদ্ধান্ত এলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই করে ত্যাগী, সৎ ও যোগ্য প্রার্থীদের নাম কেন্দ্রে সুপারিশ করা হবে। তৃণমূলের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল।"
সেপ্টেম্বর ১১, ২০২৬
এপ্রিল ৮, ২০২৬
জুলাই ২, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২০ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।