রাতে গ্রাহকের বাড়িতে হাজির পল্লী বিদ্যুতের ডিজিএম, লাখ টাকার বিল নামলো ১১৮২ টাকায়

অনলাইন ডেস্কঃ
২০ অক্টোবর, ২০২৬ ১১:১২ এএম
শেয়ার করুন:
রাতে গ্রাহকের বাড়িতে হাজির পল্লী বিদ্যুতের ডিজিএম, লাখ টাকার বিল নামলো ১১৮২ টাকায়

নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি সাধারণ আবাসিক মিটারে ১ লাখ ১০ হাজার টাকারও বেশি ‘ভুতুড়ে বিদ্যুৎ বিল’ আসার ঘটনার অবশেষে দ্রুত সমাধান হয়েছে। সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশের পর টনক নড়ে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের। ঘটনার দিন রাতেই বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি গ্রাহকের বাড়িতে গিয়ে সংশোধিত বিল পৌঁছে দেন এবং গ্রাহকও তাৎক্ষণিকভাবে তা পরিশোধ করেন।

জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুনায়েদুর রহমান চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের বড় তফদার বাড়িতে উপস্থিত হন। তাঁর সঙ্গে ছিলেন কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রাহাত ও মিটার রিডার জামাল উদ্দিন।

সেখানে উপস্থিত হয়ে কর্মকর্তারা ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকার ভুতুড়ে বিলটি সংশোধন করে প্রকৃত ব্যবহৃত বিদ্যুতের ভিত্তিতে ১ হাজার ১৮২ টাকার নতুন বিল গ্রাহকের হাতে তুলে দেন।

পল্লী বিদ্যুৎ সমিতির নথি অনুযায়ী, মিটারটি ওই বাড়ির প্রয়াত আবু তাহেরের নামে নিবন্ধিত। বর্তমানে মিটারটি ব্যবহার করছেন তাঁর নাতি শহীদুল ইসলাম (রনি)। সাধারণ একটি আবাসিক সংযোগে অস্বাভাবিক ও কাল্পনিক অঙ্কের এই বিল দেখে হতবাক হয়ে পড়েছিল গ্রাহকের পরিবার। পরে বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। 

সংশোধিত বিল হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করে গ্রাহক শহীদুল ইসলাম বলেন, “আমাদের বিদ্যুৎ বিলে মারাত্মক একটি ভুল হয়েছিল। তবে গণমাধ্যমে খবর আসার পর রাতেই বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি বাড়ি এসে সঠিক বিলের কপি দিয়ে গেছেন। আমি সঙ্গে সঙ্গে ১ হাজার ১৮২ টাকা পরিশোধ করেছি। যিনি বিল প্রস্তুত করেছিলেন, তিনি হয়তো অনিচ্ছাকৃতভাবেই ভুলটি করেছিলেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

এ বিষয়ে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম জুনায়েদুর রহমান বলেন, “বিষয়টি নজরে আসার পর আমি নিজেই রাতে গ্রাহকের বাড়িতে গিয়ে সংশোধিত বিলটি বুঝিয়ে দিয়েছি এবং গ্রাহক তা পরিশোধ করেছেন। মূলত ডাটা এন্ট্রির সময় অসাবধানতাবশত টাইপিং ভুলের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।