ফরিদপুরে শ্লীলতাহানির মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড ও জরিমানা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৬ অক্টোবর, ২০২৬ ৭:১২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে শ্লীলতাহানির মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড ও জরিমানা

ফরিদপুরে যৌন হয়রানি ও শ্লীলতাহানির মিথ্যা মামলা দায়েরের দায়ে শাহিনুর বেগম (৩৮) নামের এক নারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত নারীকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়। 

দণ্ডপ্রাপ্ত শাহিনুর বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ মার্চ শাহিনুর বেগম একই এলাকার সাগর মোল্লা ও ইকরামুল মোল্লার বিরুদ্ধে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ এনে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে ওই বছরের ৩১ মে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

পরবর্তীকালে বিচারিক কার্যক্রম, সাক্ষ্যগ্রহণ ও তথ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে আদালত নিশ্চিত হন যে, ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। ফলে প্রতিপক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করায় বাদী শাহিনুর বেগমকে দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করা হয়।

রায়ের সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, "মিথ্যা মামলা দায়েরের বিষয়টি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী বাদীকে এ সাজা দেওয়া হয়েছে। কাউকে অহেতুক হয়রানি করার উদ্দেশ্যে সাজানো মামলা দায়েরের পরিণতি সম্পর্কে এই রায় সমাজে একটি দৃষ্টান্তমূলক ও শিক্ষণীয় বার্তা দেবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।