এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জনভোগান্তি নিরসন ও সরকারি সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব-জোনাল অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেবা প্রদানকারী এই দুই প্রতিষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে তিনি সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ শোনেন। একই সঙ্গে দ্রুত জনদুর্ভোগ লাঘবে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জানা যায়, বেলা ১১টায় সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা হঠাৎ করেই পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব-জোনাল অফিসে উপস্থিত হন। পরিদর্শনকালে তিনি সাব-জোনাল অফিসের এজিএম আশীষ কুমার রায়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অতিরিক্ত লোডশেডিং এবং মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের বিষয়টি তিনি তুলে ধরেন।
এমপি ইলিয়াস মোল্লা বলেন, "জনগণকে অন্ধকারে রেখে কোনো অঘোষিত লোডশেডিং মেনে নেওয়া হবে না। যদি লোডশেডিং করতেই হয়, তবে তার নির্দিষ্ট সময়সূচি আগে থেকে নির্ধারণ করে জনগণকে জানাতে হবে—যাতে তাঁরা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন।" পাশাপাশি গ্রাহক হয়রানি ও বিদ্যুৎ বিলে যেকোনো ধরনের অসংগতি বন্ধ করে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতের তাগিদ দেন তিনি।
এমপির নির্দেশনার বিষয়ে সাব-জোনাল অফিসের এজিএম আশীষ কুমার রায় জানান, সংসদ সদস্য মহোদয়ের পরামর্শগুলো গুরুত্বের সঙ্গে নোট করা হয়েছে। চাহিদার তুলনায় বিদ্যুতের বরাদ্দ কম থাকায় লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বণ্টন ও মনিটরিং করা হচ্ছে। বেশি বিল আসার অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং অন্যান্য সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎ অফিস পরিদর্শন শেষে দুপুর ১২টার দিকে সংসদ সদস্য আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। সেখানে তিনি চিকিৎসকদের উপস্থিতি তদারকি করেন এবং হাসপাতালের সার্বিক পরিচালনা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরবর্তীতে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখে চিকিৎসাধীন রোগীদের সার্বিক খোঁজখবর নেন। রোগীরা চিকিৎসাসেবা সংক্রান্ত বিভিন্ন ভোগান্তির কথা জানালে তিনি হাসপাতালের চিকিৎসার পরিবেশ উন্নত করা এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইন, নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবী (রেদওয়ান), সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, পৌর আমির ওয়াহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. জাবেদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।