ফরিদপুরে তথ্য অধিকার আইন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৬ অক্টোবর, ২০২৬ ৮:৪০ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে তথ্য অধিকার আইন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুরের উদ্যোগে ইনস্টিটিউটের মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

‘সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি প্রতিরোধের বিকল্প নেই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধর। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন একটি কার্যকর হাতিয়ার। তাই এ আইন সম্পর্কে সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। 

আলোচনায় তথ্য অধিকার আইনের আওতায় তথ্যের জন্য আবেদন করার নিয়ম, নির্ধারিত সময়ে তথ্য না পেলে আপিল ও তথ্য কমিশনে অভিযোগ দায়েরের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বপ্রণোদিত তথ্য প্রকাশের বিভিন্ন বিধিবিধান বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সনাক সদস্য মো. মাহবুবুর রহমান ও অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, ইনস্টিটিউটের উপাধ্যক্ষ আব্দুল কাদের সরদার এবং সনাকের সহসভাপতি মনোয়ারা মোর্শেদা চৌধুরী। এ সময় সনাক ও ইয়েস (ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট) গ্রুপের সদস্যবৃন্দসহ ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইনের ওপর একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া কর্মসূচির শেষ অংশে তথ্য চেয়ে আবেদন করার নির্ধারিত ‘ক’ ফরম পূরণের নিয়মাবলি শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।